Blog

  • মহিলা সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান

    মহিলা সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা আজ রাতে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে সুন্দর পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মুল স্রোত ধারার সাথে সম্পৃক্ত রেখে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর। তিনি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, নতুন গঠিত জেলা পরিষদ ও অন্যান্য অফিস এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।খেলোয়াড়দের উৎসাহিত করতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আন্তর্জাতিক ফিফা রেফারী হিসেবে জয়া চাকমা, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব। তিনি পরবর্তিতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য শিক্ষক ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলাধুলা খাতের বরাদ্দ হতে নারীদের খেলাধুলার বিশেষ ট্রেনিং এর জন্য অর্থ বরাদ্দ আছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি স্টেডিয়ামের পাশে নারী খেলোয়াড়দের জন্য হোস্টেল নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। রাঙ্গামাটিতে ৪০ একর জায়গা নিয়ে বিকেএসপি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান তিনি।

    অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী পাহাড়ি কৃতি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রত্যেককে ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপদেষ্টা।

    ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ রাশিদা ফেরদৌস এনডিসি, মং রাজা সাচিং প্রু চৌধুরী, প্রকৌশলী কুবলেশ্বর চাকমা, প্রকৌশলী ক্যাসাচিং মারমা, প্রধান শিক্ষক বীরসেন চাকমা, নলিনী মোহন চাকমা বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও তিন পাহাড়ি নারী খেলোয়াড় তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইলিরা দেওয়ান ও ভবেশ চাকমা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সুধীজন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, যুগ্মসচিব কঙ্কন চাকমাসহ তিন জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • পার্বতাঞ্চলকে দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার দায়িত্ব আপনাদের হাতে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    পার্বতাঞ্চলকে দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার দায়িত্ব আপনাদের হাতে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    গিরি সংবাদ-১৭ নভেম্বর, ২০২৪ খ্রি.ঢাকা,

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের এক দশমাংশ মানুষ এখনও দেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে পুরোপুরি সম্পৃক্ত হতে পারেনি। তাই এসমস্ত মানুষকে দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার দায়িত্ব এখন আপনাদের হাতে।আজ রবিবার ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পার্বত্য জেলা পরিষদের নবযোগদানকৃত চেয়ারম্যান ও সদস্যগণের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

    উপদেষ্টা সুপ্রদীপ চাকমা নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা পার্বত্যবাসীরা যে পিছিয়ে নেই তার প্রমাণ আপনারা দেশবাসীকে দেখাবেন। মানুষের উপকারে আসে, সমাজের উপকারে আসে মানবহিতৈসী এমন সব কাজে আপনাদের নিবেদিত হতে হবে। বাংলাদেশের এক দশমাংশ মানুষকে মেইনস্ট্রীমে অন্তর্ভুক্ত করার সকল কিছুই আপনাদের করতে হবে। সামাজিক কাজের পাশাপাশি আপনাদের সুন্দর পরিবেশ গড়ে তোলার উপর কাজ করতে হবে। কফি, কাজু বাদাম চাষ, বাঁশ চাষ, ঝিড়ি, বন সংরক্ষণ করার পাশাপাশি নিজের এলাকায় কোয়ালিটি এডুকেশন গড়ে তুলতে হবে। আপনাদের একটি সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। আপনাদের কাজের মাধ্যমে তার রিফ্লেকশান আমাদের কাছে ভেসে ওঠবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অদ্বৈত বেদান্ত চিত্তে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ও ২০২৪ সালের ৩৬ আগস্ট ছাত্র-জনতার সংগ্রামে যারা জড়িত থেকে নিহত হয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে গঠিত হয়েছে। আমরা চাই পার্বত্য অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও ঐক্য। আমরা জাতীয় মূল স্রোতধারার সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রামের মানুষের সমৃদ্ধি আনয়ন করবো। আমার বিশ্বাস আপনাদের সহযোগিতায় তা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

    প্রথমেই নবযোগদানকৃত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

    উপদেষ্টা নবযোগদানকৃত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, ডকুমেন্টেশন, নিয়মানুবর্তিতা ও সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করার নিমিত্তে আপনাদের জন্য খুব শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হবে।

    নবযোগদানকৃত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাদের অভিমত ব্যক্ত করেন।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস এনডিসি, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব কঙ্কন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উপজাতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা বক্তব্য রাখেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যাবলি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক।

  • আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বিক্ষোভ-সমাবেশ

    আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বিক্ষোভ-সমাবেশ

    ‘ফ্যাসিস্ট শাসনমুক্ত পার্বত্য চট্টগ্রাম চাই’ শ্লোগানে নির্দলীয়, সৎ, যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙ্গামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
    আজ ২০ নভেম্বর ২০২৪, বুধবার বেলা ২টার সময় কুদুকছড়ি নির্বাণপুর বনবিহার গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় ফটকে সমাবেশে মিলিত হয়।
    এতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উপদেষ্টা কমিটির নতুন জয় কার্বারীর সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল কার্বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র চাকমা ও অর্থ সম্পাদক হরি কুমার কার্বারী।
    সমাবেশে অনিল চন্দ্র চাকমা বলেন, হাসিনার পতনের আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ অত্যন্ত আশা নিয়ে অংশগ্রণ করলেও আপামর জনগণের আশা আকাঙ্কার প্রতিফলন ঘটেনি। অতীতের মতো পার্বত্য চট্টগ্রামে এখনো শাসন-শোষণ জারি রয়েছে।
    তিনি আরো বলেন, আমরা বর্তমান অন্তর্বীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটিতে পাহাড়-সমতলের সংখ্যালঘু জাতি থেকে একজন প্রতিনিধি রাখার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার তাও আমলে নেয়নি।অনিল চন্দ্র চাকমা বলেন, সরকার বিচার ব্যবস্থা, সংবিধান সংস্কার থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের সংস্কার কার্য পরিচালনা করছে। তার ধারাবাহিকতায় পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন করা হয়। কিন্তু আঞ্চলিক পরিষদ গঠনের পর থেকে ২৫-২৬ বছর ধরে কোন পরিবর্তন হয়নি। সরকারের সকল প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হলেও আঞ্চলিক পরিষদে তা হয়নি। সন্তু লারমা অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে আঞ্চলিক পরিষদের চেয়ারে রয়েছেন। আজ পর্যন্ত আঞ্চলিক পরিষদের যে কোটি কোটি টাকার বরাদ্দ তার কোন হিসাব বা জবাবদিহিতা নেই। এ পরিষদের মাধ্যমে কোন উন্নয়নমূলক কাজ হয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক আঞ্চলিক পরিষদ চাই।#

  • আগামীর বাংলাদেশ কেমন চায় রাবিপ্রবি শিক্ষার্থীরা

    আগামীর বাংলাদেশ কেমন চায় রাবিপ্রবি শিক্ষার্থীরা

     

    দেশের শিক্ষা ব্যবস্থা হবে প্রযুক্তি নির্ভর। মানুষের মুক্ত চিন্তায় থাকবেনা কোনো বাধা এমন একটা সুন্দর দেশ চায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালের ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো: কাজী জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, রাঙামাটি ছাত্র দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আলি আকবর সুমনসহ অন্যান্যরা। কেন্দ্রীয় নেতারা জানান, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা কেমন দেশ চায় বিষয়ক আমাদের এ কর্মসূচির। আমরা শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার কথা দেশ নায়ক তারেক রহমানের কাছে উপস্থাপন করবো। কর্মসূচির আগে রাবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয়।

  • ১১৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

    ১১৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

    সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আদালত আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১১৩ বার পেছাল।

    আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ তারিখ নির্ধারণ করেন।

    মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল আজ সোমবার। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাঁদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।

  • সংস্কারের আগে নির্বাচনে গেলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে: টিআইবি

    সংস্কারের আগে নির্বাচনে গেলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে: টিআইবি

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনে হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে।

    আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সারা দেশে ছয় শতাধিক নিহত ও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো জুলাই-আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া। এছাড়া হতাহতদের ক্ষতিপূরণ, গণভবনকে জাদুঘর করা, আর্থিকখাতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তবে বাজার ও দ্রবমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এছাড়া শিক্ষাখাতে সংস্কার প্রয়োজন।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি, রাষ্ট্রসংস্কার না করে চট করে নির্ব্চনে গেলে ছাত্র আন্দোলনের উদেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক অঙ্গণে নতুন করে দলখবাজি-চাঁদাবাজি দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অনুপস্থিত রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার নিয়ে উদ্বেগ আছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকির আশঙ্কা রয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক।

  • ১৩ জনকে গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

    ১৩ জনকে গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

    জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে। এসব আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব রয়েছেন।

    ১৩ আসামি হলেন– সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে।

    আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি।

    এর আগে গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ আসামিদের হাজির করার আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া হয়।

  • এস আলম গ্রুপের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

    এস আলম গ্রুপের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

    এস আলম গ্রুপ ও তার সহযোগীদেরসহ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ঋণে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর তলব করা চিঠিতে তাদেরকে আগামী ২০, ২৪ ও ২৫ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

    চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে।

    এছাড়া চিঠিতে ইসলামি ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তা ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে।

    এর আগে এস আলমের ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি।

  • নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে: মির্জা ফখরুল

    নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে: মির্জা ফখরুল

    জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মইনুদ্দিন-ফখরুদ্দিন আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়, যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় থাকলে ভ্রান্ত ধারণা তৈরি হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে তাই নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।

    মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে বিএনপি। সভায় যোগ দেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তারা।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা ছিলেন আন্দোলনের মূল স্ট্রাইকার। তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।

    গতকাল জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

    এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

  • নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি

    নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি

    বিএনপির সবশেষ কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ। গঠনতন্ত্র-গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের ৩ বছর পরপর বাধ্যবাধকতা রয়েছে কাউন্সিলের। তবে আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা, দমন-পীড়নসহ নানা বাধায় সেটি করতে পারেনি দলটি।

    এবার দলটি নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায়। শীর্ষ পদে পরিবর্তন না এলেও স্থায়ী কমিটিসহ নানা পর্যায়ে নতুন মুখের দেখা মিলবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। আর এক্ষেত্রে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পর্যালোচনা করা হবে গত ১৬ বছরের আমলনামা। সেই আলোকেই নতুন আঙ্গিকে ভোটে যাবে দলটি।

    ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ৩ ও ৩৭ ভাইস-চেয়ারম্যানের মধ্যে ৯টিসহ সব মিলে কেন্দ্রীয় কমিটিতে পদ শূন্য প্রায় ১৩০টি। এছাড়া পুরো কার্যকর হয়নি এক নেতার এক পদ নীতি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা—কাউন্সিলের মাধ্যমে যোগ্যদের দিয়েই পূরণ করা হোক শূন্য পদ।

    ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ‘দলের খারাপ সময়ে যারা পাশে ছিল, দেশের জন্য কাজ করেছে তাঁরা ওপরের দিকে উঠে আসবে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন ঘোষণা দিয়েছেন, এটা আমাদেরও দাবি।’

    ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই আমাদের মূল্যায়ন করছেন, করবেন। এই বিষয়ে আমরা আশাবাদী।’

    মাঠ পর্যায়ের এই প্রত্যাশায় সায় আছে কেন্দ্রেও। সেজন্য পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল শক্তিশালী করতে কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি।

    দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশে গণতন্ত্র ছিল না বলে অনেকদিন কাউন্সিল করা হয়নি। আমরা একটা সমাবেশ করতে পারিনি। আমাদের কোনো অধিকার ছিল না। অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলেই কাউন্সিলের কথা আমরা ভাবছি।’

    আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের আগেই বিএনপির কাউন্সিল হওয়া জরুরি। এ ব্যাপারে দলের শীর্ষ নেতারা আলাপ-আলোচনা করে দেখছেন।’

    এছাড়া, আইনি প্রক্রিয়া শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতেই সপ্তম জাতীয় কাউন্সিল করতে চায় দলটির নেতা-কর্মীরা।