Blog

  • রাঙামাটিতে আগুনে পুড়ে ছয় বসতবাড়ি ছাইঁ।

    রাঙামাটিতে আগুনে পুড়ে ছয় বসতবাড়ি ছাইঁ।

    আগুনে পুঁড়ে গেছে রাঙ্গামাটি শহরের চম্পক নগর এলাকায় সাবেক পার্বত্য উপদেষ্টা মরহুম শাহজাহান মোল্লার বাড়ি সহ আশ-পাশের ৬টি ঘর। সন্ধ্যে ৭ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
    রাঙামাটির ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশেপাশে ঘরগুলো টিনের হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।
    রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ছয়টি বসতঘর পুড়ে যায়। বাড়ির মালিক আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
    আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। #

  • বাংলাদেশের  জনগন আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় : সহ:সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান

    বাংলাদেশের জনগন আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় : সহ:সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান

    জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী সংগঠন বলে নিষিদ্ধ করতে গিয়ে ফ্যাসিবাদের দোসর,গণহত্যাকারী শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন,অবশেষে শেখ হসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এ মন্তব্য করেছেন,জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মাওলানা মোঃ শাহজাহান চৌধুরী। তিনি আরো বলেন, ১৭ বছর জামায়াত শিবিরের উপর নির্যাতন চালানোর পরও আমরা কেউ পালিয়ে যায়নি কিন্তু ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ এক মাসও টিকতে পারেনি।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে পৌরসভা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ বছর পর রাঙ্গামাটি শহরে পৌর জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সন্মেলনে হাজারো নেতা কর্মী যোগ দেয় ।

    সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন বিগত ১৫ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণেই আমরা খোলা মনে কথা বলতে পারিনি। মানুষের কল্যাণে কাজ করতে পারিনি। রাজনৈতিকভাবে আমাদের ওপর জুলুম-নির্যাতন করা হয়েছে। অফিস গুলো বন্ধ করে দেয়া হয়েছে। হাজার হাজর নেতা কর্মীকে মিথ্যা মামলায় জেলে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে খুন গুমের মাধ্যমে ত্রাসের রাজত্ব চালানো হয়েছে।

    তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সফল বিল্পব সাধন হয়েছে তা সমুন্নত রাখতে হবে । আগামী নির্বাচনে সৎ, যোগ্য এবং তাকওয়াবান নেতৃত্ব তৈরী করে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করতে দলের নেতাকর্মীদের কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি আগামীর বৈষম্যহীন শোষনহীন দুর্নীতিমুক্ত কল্যানকর বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন বাংলার মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা আওয়ামী লীগ প্রদর্শন করেছে ।

    তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় সবচেয়ে বেশী নির্যাতিত ও জুলুম হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেতা কর্মীদের । অথচ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর কোন কোনো প্রতিশোধ নেয়নি। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই এর জবাব দিতে হবে।

    রাঙ্গামাটি পৌর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম, জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক, রাঙ্গামাটি ইসলামীক সেন্টারের চেয়ারম্যান এডভোকেট. মোখতার আহমেদ, রাঙ্গামাটি জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ইঞ্জিনিয়ার আবুল কালাম , আল আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, এলডিপির জেলা সভাপতি দিবাকর দেওয়ান, রাঙ্গামাটি জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এড. মোঃ হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এড. জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা আমীর, মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

    এর আগে রাঙ্গামাটি পৌর জামায়াতের কর্মী সন্মেলন উপলক্ষে শনিবার রাঙ্গামাটি পৌর সভা থেকে রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরূপা আল আমিন সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে এসে পৌর জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়। #

    তারিখ- ৩০ নভেম্বর -২০২৪

  • রাঙামাটিতে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত; আহত-৩২

    রাঙামাটিতে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত; আহত-৩২

    পার্বত্য রাঙামাটিতে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছে। রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে শুক্রবার সকালে এবং পৃথকভাবে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া এই দু’ই দূর্ঘটনা সংঘটিত হয়। 
    শুক্রবার সকালে চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিক্ষার্থী নিহত এবং ৫ জন আহত হয়েছে। নিহত শিক্ষার্থী পাইমে মারমা অটোরিক্সার যাত্রী ছিলো। সে বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে তাঁর ব্যবহৃত ব্যাগ হতে আইডি কার্ড সনাক্ত করে।
    এদিকে এই ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজি চালককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায় নাই। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে এই দূর্ঘটনা ঘটে বলে জানান,চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। 
    অপরদিকে, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে অন্তত ২৭ জন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
    স্থানীয়রা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিলেন। এমন সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। 
    রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, বাস দূর্ঘটনায় আহত ২৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১১জন ভর্তি এবং ১৬জন আউটডোরে চিকিৎসা গ্রহণ করে। পুস্পিতা বড়–য়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে। বেলা তিনটার সময় সর্বশেষ তথ্যানুসারে আহত ভর্তিদের মধ্যে চিকিৎসা নিয়ে অনেকেই হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেছেন। #

     

  • পুলিশ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    পুলিশ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    আজ ২৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম (সেবা), পিপিএম এর বদলিজনিত এবং অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

    অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়সহ উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী পুলিশ কর্মকর্তাগণের সাথে কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন।

    এসময় পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কর্মকর্তাগণকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

    অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

    রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

    নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ)-২৯নভেম্বর-২৪ ইং
    রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন নারী জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাঙ্গামাটিতে নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসকের ইশরাত ফারজানা। তিনি রাঙ্গামাটি জেলায় এই প্রথম নারী জেলা প্রশাসক।
    তিনি ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে সেখান থেকে বদলি করে রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
    অন্যদিকে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁয়ের নতুন ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিম্নে বর্ণিত কর্মকর্তাদ্বয়কে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।
    সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।#

  • রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন।

    রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন।

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সন্ত্রাসী কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি।

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব চাকমা।অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু পাবলিক প্রসিকিউটর, অ্যাডভোকেট মোক্তার আহমেদ সাবেক সভাপতি আইনজীবী সমিতি,সরকারি কৌসুলি( জেলা জজ আদালত) অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, এডভোকেট ফরহাদ চৌধুরী প্রমুখ সহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

    মানববন্ধনে বক্তারা-অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের কে দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবি জানায়। অন্যথায় বাংলাদেশের সকল আইনজীবীরা একত্রিত হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আদালত প্রাঙ্গণে একজন আইনজীবী হত্যাকান্ডের শিকার হওয়া এটা নজিরবিহীন, সারা বাংলাদেশের আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে বলেও বক্তারা দাবী জানান।

    উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে।

  • সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

    সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

    ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৪ খ্রি.

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা আজ রাতে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে সুন্দর পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মুল স্রোত ধারার সাথে সম্পৃক্ত রেখে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর। তিনি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, নতুন গঠিত জেলা পরিষদ ও অন্যান্য অফিস এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।
    খেলোয়াড়দের উৎসাহিত করতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আন্তর্জাতিক ফিফা রেফারী হিসেবে জয়া চাকমা, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব। তিনি পরবর্তিতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য শিক্ষক ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলাধুলা খাতের বরাদ্দ হতে নারীদের খেলাধুলার বিশেষ ট্রেনিং এর জন্য অর্থ বরাদ্দ আছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি স্টেডিয়ামের পাশে নারী খেলোয়াড়দের জন্য হোস্টেল নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। রাঙ্গামাটিতে ৪০ একর জায়গা নিয়ে বিকেএসপি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান তিনি।
    অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী পাহাড়ি কৃতি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রত্যেককে ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপদেষ্টা।
    ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ রাশিদা ফেরদৌস এনডিসি, মং রাজা সাচিং প্রু চৌধুরী, প্রকৌশলী কুবলেশ্বর চাকমা, প্রকৌশলী ক্যাসাচিং মারমা, প্রধান শিক্ষক বীরসেন চাকমা, নলিনী মোহন চাকমা বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও তিন পাহাড়ি নারী খেলোয়াড় তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইলিরা দেওয়ান ও ভবেশ চাকমা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সুধীজন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, যুগ্মসচিব কঙ্কন চাকমাসহ তিন জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

  • বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই- পার্বত্য উপদেষ্টা

    বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই- পার্বত্য উপদেষ্টা

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে সৌহার্দ্র্য ও সম্প্রীতির সংযোগ বাড়াতে চাই। বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমরা এক হয়ে কাজ করবো।
    ২২ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাজধানীর বনানী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
    উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেছেন, আমরা আমাদের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, সংস্কৃতি, ঐতিহ্য ধারণ ও লালন করে যেতে চাই। তিনি বলেন, আমরা সকল ভালো কাজের জন্য সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করা ধর্মীয় বিধান মতে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কোনো ভালো কাজের এপ্রিশিয়েশন করা, ভগবান বা দেবতাকে রাজি বা খুশি করার জন্য যে উৎসর্গ ও পূজা করা হয়, তার একটি অংশ হলো গারোদের এই ওয়ানগালা বা নবান্ন উৎসব। সকালে দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গের মাধ্যমে ওয়ানগালা উৎসব শুরু হয়। এসময় শস্যদেবতা বা মিশি সালজং-এর পূজা করেন পুরোহিত জনসন ম্রিং। গারো সম্প্রদায় শরতের শেষে নভেম্বর-ডিসেম্বর মাসে ফসল কাটার সময় নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন করে থাকে। এবারের এ উৎসবের আরাধনা হলো সকল ব্যাধি কাটিয়ে যেন আগামী বছর অধিক ফসল উৎপাদন হয় এবং সকলের মঙ্গল ও শান্তি বহমান থাকে।
    অনুষ্ঠানে গারো শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে ‘জুম নৃত্য’, স্ল্যাস-এন্ড-বার্ন ডান্স পরিবেশন করে। ওয়ানগালা উৎসব উপলক্ষে বনানী কলেজ মাঠে ওয়ানগালা উদযাপন কমিটি গারো সম্প্রদায়ের ঐতিহ্যগত খাবার, হস্তশিল্প এবং পোশাক ও রকমারি তৈজসপত্র বিক্রয়ের জন্য বিভিন্ন স্টল স্থাপন করে।
    গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি সাগর রিছিল-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সহধর্মিনী মিজ নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, নকমা (হেডম্যান) জনন্ত চিসিম, ঢাকা মেট্রোপলিটান ক্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন, টেট্রা ইঞ্জিনিয়ারিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক নকমা অন্ত ঘাগরা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর আদিবাসী জামিল রহমান, ইগনেশিয়াস হেমন্ত কুরাইয়্যা, ইম্ম্যানুয়াল বাপ্পী উপস্থিত ছিলেন।#

  • বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র সাংগঠনিক উপকমিটির ভার্চুয়াল বৈঠক

    বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র সাংগঠনিক উপকমিটির ভার্চুয়াল বৈঠক

    বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র সাংগঠনিক উপকমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় ওই সাংগঠনিক উপকমিটির আহবায়ক দৈনিক কালের কণ্ঠের লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি সৈয়দ মুজিবুর রহমান দুলালের সভাপতিত্বে ও সঞ্চালনায় সাংগঠনিক উপ-কমিটির প্রাণবন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপ-কমিটির উপদেষ্টা, বিএসসি যুগ্ম আহবায়ক বৈশাখী টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিনের তত্বাবধানে পরিচালিত এ বৈঠকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএসসি’র  প্রধান উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত অনুসন্ধানী রিপোর্টার সাঈদুর রহমান রিমন ও কেন্দ্রীয় আহবায়ক এম রায়হান। সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক উপকমিটির যুগ্ম আহবায়ক বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, সদস্য দৈনিক কালের কণ্ঠের সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি গাজী মোবারক, সদস্য ইউনুস আলী প্রমূখ। নানা ব্যস্ততায় উপ-কমিটির সদস্য সচিব প্রথম ভার্চুয়াল সভাটিতে উপস্থিত থাকতে পারেননি। এ সভায় নানা বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বিএসসি’র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ও আহবায়ক এম রায়হান।

    সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ :
    ১) গঠনতন্ত্র চুড়ান্ত না হওয়া পর্যন্ত এই সাংগঠনিক উপকমিটি সাংগঠনিক নানা বিষয় গঠনতন্ত্রে সংযুক্তির জন্য সুনির্দিষ্ট কিছু সুপারিশ প্রদান করতে পারে। সেই লক্ষ্যে জবাবদিহিমূলক সংগঠন প্রতিষ্ঠায়, সদস্য শৃংখলা রক্ষা, সাংগঠনিক বিস্তার, সাংগঠনিক নির্দেশনা কঠোর ভাবে প্রতিপালন সংক্রান্ত নানা ধারা, উপ ধারা যুক্ত করার প্রস্তাবনা সমূহ আমরা এই উপ কমিটির গ্রুপেই শুধু তুলে ধরি। রবি, সোম ও মঙ্গলবার- এই তিন দিন গ্রুপে তুলে ধরা প্রস্তাবগুলো একত্রিত করে দ্রুত তা গঠনতন্ত্র উপ কমিটির কাছে লিখিত আকারে দাখিল করা যেতে পারে।

    ২) বর্তমান আহ্বায়ক কমিটির কর্মকাণ্ডে গতি সৃষ্টিতে সাংগঠনিক উপ-কমিটি সরাসরি সহায়তা মূলক ভূমিকা রাখবে। যেমন আহ্বায়ক কমিটির যে কোনো সিদ্ধান্ত, নির্দেশনা বাস্তবায়নে সদস্যদের উদ্বুদ্ধকরণ, সৌজন্য তাগিদ প্রদান ইত্যাদি চালাবে।

    ৩) মিনিমাম কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন সাংবাদিক সংগঠন, স্থানীয় পর্যায়ের প্রেসক্লাব, সমিতি বা অন্যান্য সাংবাদিক সংগঠন/ গ্রুপগুলোর সঙ্গে বিএসসি নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে সংলাপ শুরু করবে। সরাসরি বা ভার্চুয়াল সে সংলাপের মূল লক্ষ্য হবে, সাংবাদিক নির্যাতন বিরোধী নির্দিষ্ট কিছু পদক্ষেপের বিষয়ে যৌথভাবে ঐকমত্য প্রতিষ্ঠা। পারস্পারিক সম্পর্ক সৃষ্টিসহ যৌথভাবে কিছু কার্যক্রম চালানোর স্মারকপত্রে উভয় সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষরিত ঘোষণাপত্র প্রস্তুত ও তা প্রচার প্রকাশের ব্যবস্থা নেওয়া।

    ৪) আসন্ন শীতে দুস্থদের জন্য বিএসসি ব্যানারে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের ব্যাপারে আগাম উদ্যোগ নেওয়ার জন্যও সিদ্ধান্ত গৃহিত হয়।

  • নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা

    নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) লংগদু।
    রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ ও মোঃ হাবীব আজম কে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
    রবিবার ২৪ নভেম্বর লংগদু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু সরকারী মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় এ সংর্বধনা অনুষ্ঠিত হয়।

    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মোঃ মিনহাজ মুরশীদ, (লংগদু উপজেলা সদস্য) ও মোঃ হাবিব আজম (রাঙ্গামাটি সদর উপজেলা)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম, যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম।,মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, ও  মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক  রফিকুন্নেছা।
    এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা সভাপতি মোঃ রায়হান, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার প্রমুখ।
    সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে আমাকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন,তাতে আমি অভিভূত। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদেরকে এগিয়ে যেতে হবে বহুদুর। আমাদের সকলকে এলাকার উন্নতির জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ, জাতি ও দেশের জন্য কাজ করে যেতে হবে। আমাদেরকে প্রকৃত ও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি অসম্ভব। জ্ঞানে-গুণে মহিমায় আমাদেরকে অবশ্যই উন্নত জাতির সাথে প্রতিযোগিতায় তালে তাল মিলিয়ে চলতে হবে।
    জেলা পরিষদের অন্যতম সদস্য মোঃ হাবীব আজম বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা লংগদু। এই লংগদু উপজেলার উন্নতি ও সমৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় অত্র অঞ্চলের উন্নতি করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী দিনের লংগদু হবে পার্বত্য অঞ্চলের মডেল।
    অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন স্বৈরাচার
    মুক্ত এই দেশে এখন আর কোন বৈষম্য যেন না থাকে, স্বৈরাচার যেন আর কেউ না হয়ে উঠতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের লংগদুর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিশেষ করে লংগদু হতে নানিয়ারচর হয়ে রাঙ্গামাটি যাতায়াতের একমাত্র সড়কপথের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে, কাচালং নদী খননের ব্যবস্থা করতে হবে। উপজেলার মানুষের প্রাণের দাবি পুরনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। এবং স্বৈরাচারী সরকার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত কর্মকান্ড ও পদক্ষেপ চালানোর আহবান জানান।#