Blog

  • একটি সন্তান নিলেই মিলবে ৮২ লাখ টাকা!

    একটি সন্তান নিলেই মিলবে ৮২ লাখ টাকা!

    কর্মীদের জন্য অভিনব এক ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি। ঘোষণা অনুযায়ী, কোনো কর্মী একটি সন্তান নিলেই পাবেন ৭৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮২ লাখ টাকারও বেশি। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় সিউলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বুইয়ং এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

    সিএনএনের প্রতিবেদনে জানা যায়, সিউলভিত্তিক কোম্পানি বুইয়ং গত সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২০২১ সাল থেকে ওই কোম্পানিতে কর্মরত নারীরা যারা মা হয়েছেন, তাদের মোট ৫ দশমিক ২৫ মিলিয়ন বা সাড়ে ৫২ লাখ ডলার পুরষ্কার দেওয়া হয়।

    বুইয়ং কোম্পানির চেয়ারম্যান লি জুং কিউন বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় যেভাবে জন্মহার কমছে, তেমনটা চলতে থাকলে আগামী ২০ বছরে আমাদের দেশ অস্তিত্ব সংকটে পড়তে পারে। একটি পরিবারে কয়টি সন্তান থাকবে তা অনেক সময় সেই পরিবারের আর্থিক সঙ্গতির ওপর নির্ভর করে। সন্তান লালন-পালন ও ভবিষ্যতের বিষয়টি ভাবতে গিয়ে অনেকে বেশি সন্তান নিতে চান না। তাই আমরা কর্মীদের বোনাস দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

    বুইয়ংয়ের মতো দক্ষিণ কোরিয়ার অনেক কোম্পানি দেশের জন্মহার বাড়াতে সম্প্রতি বোনাস দেওয়ার এই নীতি অনুসরণ করছে। কুমহো পেট্রোকেমিক্যাল নামের একটি বহুজাতিক কোম্পানি জানিয়েছে, তারা তাদের অফিসে কর্মরত সব নারীদের একটি করে সন্তানের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার বোনাস দেবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৪৫ হাজার টাকার বেশি।

    দেশটির ফার্মাসিউটিক্যাল ফার্ম ইউহান কর্প কর্মীদের সন্তান জন্ম দেওয়ার জন্য পুরষ্কার ঘোষণা করেছে। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি হ্যানমিগ্লোবাল সম্প্রতি তাদের কর্মীদের সন্তান নেওয়ার জন্য বোনাসের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি বাড়িয়ে দুই বছর করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

    এ ছাড়া দক্ষিণ কোরিয়ার পরিবারগুলোকে সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহিত করার জন্য আঞ্চলিক সরকারও এগিয়ে আসছে।

  • আজ পবিত্র শবে মেরাজ

    আজ পবিত্র শবে মেরাজ

    পবিত্র শবে মেরাজ আজ। রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফারসিতে শব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত রাতটি ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগি পালন করবেন।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

    মহানবী মুহাম্মদ (সা.)-এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবেমেরাজ পালিত হয়। এ রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।

    নবুয়ত লাভের ১১তম বছর (৬২১ খ্রিষ্টব্দ) হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য দুঃখ ও শোকের বছর ছিল। এ সময় তিনি তার কঠিন সময়ের দুইজন প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) ও চাচা আবু তালেবকে হারিয়েছেন। এছাড়া, ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন।

    এরপর মহান আল্লাহ ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুলকে বিশেষভাবে সম্মানিত করেন।

    সেদিন রাতে মক্কার মসজিদুল হারাম থেকে জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক নামের বিশেষ বাহনে করে বাইতুল মুকাদ্দাসে যান মহানবী (সা.)। সেখানে নবী-রাসুলদের সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে তিনি সাত আসমান অতিক্রম করেন। সেখানে তার সঙ্গে বিভিন্ন নবীর দেখা হয়। সিদরাতুল মুনতাহার আগ পর্যন্ত তার সঙ্গে ছিলেন জিবরাইল (আ.)। এরপর মহানবী (সা.) জান্নাত, জাহান্নাম ও আরশসহ সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন।

    ফেরার সময় মহান আল্লাহর পক্ষ থেকে তিনি নিজ উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন। পবিত্র কোরআন ও হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে।

    ইরশাদ হয়েছে, পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ১)

  • রাজধানী রক্ষায় মিলিশিয়া বাহিনী গঠন করেছে মিয়ানমার সরকার

    রাজধানী রক্ষায় মিলিশিয়া বাহিনী গঠন করেছে মিয়ানমার সরকার

    হুমকির মুখে পড়েছে মিয়ানমারের রাজধানী নেইপিদো। আশঙ্কা করা হচ্ছে রাজধানীতেও ঢুকে পড়তে পারে বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীদের হামলার মুখে বড় ধরণের চাপে রয়েছে দেশটির সামরিক সরকার। বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াইয়ে টিকতে না পেরে প্রাণ হারিয়েছে অনেক জান্তাসেনা। অনেকে আত্মসমর্পণ করেছে।

    এই পরিস্থিতিতে বিদ্রোহীদের ঠেকাতে ‘পিপলস মিলিশিয়া’ নামের একটি আধাসামরিক বাহিনী গঠন করা হয়েছে। আর এতে যোগ দিতে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে অস্ত্র, নগদ অর্থ এবং খাবার; এরইমধ্যে ইয়াঙ্গুন, বাগো, তানিনথারি অঞ্চল এবং মুন রাজ্যে বেসামরিক নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী শুরু করেছে মিলিশিয়া বাহিনী।

    সেনাবাহিনীর কমান্ডার জেনারেল নায়ুন্ত উইন সোয়ে এবং সাউদইস্টার্ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সো মিন গত বুধবার মিলিশিয়ার সদস্যদের হাতে অস্ত্র তুলে দেন।

    এছাড়া জেনারেল থেট ফো এবং ইয়াঙ্গুনের কমান্ডার মেজর জেনারেল ঝ হৈ ইয়াঙ্গুনের হেলেগু এবং তাইক্কাই এলাকায় মিলিশিয়াদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।

    অন্যান্য জায়গাতেও মিলিশিয়া গঠন করা হয়েছে। এরমধ্যে রাজধানী নেইপিদোর পাশের অঞ্চল বাগোতে চার মাস আগে আধাসামরিক বাহিনী গঠিত হয়েছে। মূলত রাজধানীকে নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    সেনাবাহিনীকে সহায়তা করতে ও বিরোধীদের দমন করতে মিলিশিয়াকে ব্যবহার করা হয়। মিয়ানমারে মিলিশিয়াদের রয়েছে কালো ইতিহাস।

    থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    এদিকে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে শহরটি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে সেনারা। ইতোমধ্যেই সাগাইংয়ের অন্যতম শহর কাওলিন ঘিরে ফেলেছে জান্তা বাহিনী।

  • গোলাগুলি কমলেও আতঙ্ক কাটেনি সীমান্তে

    গোলাগুলি কমলেও আতঙ্ক কাটেনি সীমান্তে

    বান্দরবান ও কক্সবাজারের মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকায় আজও থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমান্তের ওপার থেকে মঙ্গলবার বিকেলের পর থেকে এ পর্যন্ত গোলগুলি শব্দ পাওয়া যায় নি। তবে জান্তা বাহিনী কখন পূনরায় হামলা করে এটিই স্থানীয়দের আতঙ্ক। প্রশাসনের নির্দেশে বান্দরবানের তুমব্রু সীমান্তের বাসিন্দাদের অনেকেই সরে গেছে নিরাপদ আশ্রয়ে।

    নানা সূত্রের খবরে জানা যায়- মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে রাখাইনের তুমব্রু ও ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকি দখলে নেয়ার পর অন্য ঘাঁটিগুলোর দিকে এগুচ্ছে আরাকান আর্মি। লড়াইয়ে টিকতে না পেরে জীবন বাঁচাতে বুধবার বাংলাদেশে পালিয়ে এসেছে।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) নতুন করে টেকনাফে হোয়াইক্যাং সীমান্ত দিয়ে ৬৪ জন প্রবেশ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ নিয়ে মোট তিনশ’ ২৮ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

    গতকাল বান্দরবান সীমান্ত লাগোয়া কয়েকটি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা দুইশ’ ৬৪ জন বিজিপি সদস্যকে দেশটি ফিরিয়ে নিতে আগ্রহী। সীমান্ত অরক্ষিত নেই।

    রোহিঙ্গাদের অনুপ্রবেশের কোন সুযোগ দেয়া হবে না বলেও জানান বিজিবি মহাপরিচালক। এদিকে,সীমান্তে অস্থিরতার কারণে শনিবার থেকে টেকনাফ- সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

    মিয়ানমারের ভেতরের যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে। মর্টার শেল ও গুলি এসে পড়ছে ঘুমধুম ও তুমব্র“তে। আতঙ্কিত হয়ে মঙ্গলবার রাতে উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল, কোনারপাড়া, মধ্যমপাড়া, ভাজাবনিয়া ও তুমব্রু বাজার এলাকার ২৭টি পরিবারের ১২০ জন সদস্য।

    এদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি, পুলিশ, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দেশটি নৌবাহিনীর জাহাজে ফিরিয়ে নিতে চায়। হস্তান্তর প্রক্রিয়াটি কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বলে জানা গেছে।

    বুধবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় মিয়ানমারের দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এমন আলোচনা হয়েছে। এদিন মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের আলোচনাতেও বিষয়টি গুরুত্বের সাথে এসেছে। সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, বাংলাদেশ নাফ নদীর পরিবর্তে আকাশপথে বান্দরবনে আশ্রয় নেয়া মিয়ানমারের লোকজনকে ফেরত দেয়ার প্রস্তাব করলেও তারা সমুদ্রপথেই নিতে চায়।

    রাখাইনের অস্থিরতা যাতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে কোনো প্রভাব না ফেলে এ বিষয়ে ব্যবস্থা নিতে সে দেশে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

    সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে ১০ই ফেব্র“য়ারি থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

    মিয়ানমারের যুদ্ধের কারণে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ও সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবি ও আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে একসাথে কাজ করবে ভারত-বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে একসাথে কাজ করবে ভারত-বাংলাদেশ

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সীমান্ত সৌহার্দ্য বজায় রাখা, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধিতে চট্টগ্রাম ও মোংলা বন্দরকে ভারতের ব্যবহারের কার্যকর সূচনা, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ মিয়ানমারে প্রত্যাবাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
    এমনটিই জানিয়েছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের পারস্পরিক সম্পর্ক যে নতুন উচ্চতায় উঠেছে, সেটি আরও ঘনিষ্ঠ ও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।

    আনুষ্ঠানিক বৈঠক পর্বে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্ট এবং দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে প্রথম দ্বিপাক্ষিক সফরে এসে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেন। সরদার প্যাটেল ভবনে এ বৈঠক শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধ চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মন্ত্রী।

    বিকেলে প্রেসক্লাব অব ইন্ডিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী। আজ বৃহস্পতিবার ও শুক্রবার বিবেকানন্দ ফাউন্ডেশনে বক্তৃতা এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালের সাথে বৈঠকের কথা রয়েছে মন্ত্রীর।

  • পঞ্চগড় ও কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহ

    পঞ্চগড় ও কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহ

    পঞ্চগড় ও কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দুদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নেমেছে ৭ এর ঘরে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রি। দিনের তাপমাত্রাও সামান্য কমে রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বুধবার দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়। এতে আবারও দুর্ভোগে পড়ে রিক্সাভ্যানের চালকসহ খেটে খাওয়া মানুষ।

    এদিকে আজ বৃহস্পতিবার তাপমাত্রা কমলেও দেখা মিলেছে সূর্যের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রাও সামান্য কমে রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি।’

    কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে তাপমাত্রা কমে গেলেও উঁকি দিয়েছে সূর্য।

    আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে।

    এদিকে বোরো রোপণের ভরা মৌসুম চলায়, তাপমাত্রা কমে গেলেও মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষজন। স্থানীয়রা জানালেন কয়েকদিনের চেয়ে আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে। ফলে দেখা দিয়েছে ঠান্ডা জনিত রোগ।

  • এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

    এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

    ইরানের রেকর্ড চতুর্থ শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে এবারও কাতার। বুধবার (৭ ফেব্রুয়ারি) দোহায় দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়ে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। শনিবার ফাইনালে জর্ডানের মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

    স্বাগতিকতকার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবারের আসরে কাতারকে শিরোপার ফেবারিট মনে করেননি অনেকে। বুধবার সেই ধারণা বদলে দেওয়ার সেমিফাইনালে ইরানকে প্রতিপক্ষ পায় কাতার। দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটি। চতুর্থ মিনিটে ইরানের গোলদাতা ইতালিয়ান সিরি-আ লিগের ক্লাব রোমার ফরোয়ার্ড সর্দার আজমউন।

    গোল খেয়েই গা ঝাড়া দিয়ে ওঠে কাতার। ১৭ মিনিটে মিডফিল্ডার জাবের আবদুসালাম দলকে সমতায় ফেরানোর পর ৪৩ মিনিটে উইঙ্গার আকরাম আফিফ লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল শোধ দেয় ইরান। গোলদাতা ডাচ ক্লাব ফেইনুর্দের অ্যাটাকিং মিডফিল্ডার আলিরিয়াজ জাহানবাখশ। ৮২ মিনিটে কাতারকে ফের এগিয়ে নেন স্ট্রাইকার আলমোয়েজ আলি। যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে ইরানের শেষ প্রচেষ্টা পোস্টে লাগলে হৃদয় ভেঙ্গেই মাঠ ছাড়ে ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

  • আবারও হার মেসির মায়ামির

    আবারও হার মেসির মায়ামির

    এক ম্যাচ পর আবারও হার দেখলো ইন্টার মায়ামি। জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে টাইব্রেকারে হারের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি শেষ হলো লিওনেল মেসি বাহিনীর।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত সময় খেলা ছিল গোলশূন্য ড্র। শেষে জয়-পরাজয় নির্ধারণে হলো টাইব্রেকার। সেখানে ৪-৩ ব্যবধানে হেরে গেছে মেসির ক্লাব। যদিও তিনি নিজে একটিও স্পট কিক নিতে আসেননি।

    ভিসেল কোবে ও ইন্টার মায়ামির ম্যাচটিতে দাপট দেখায় স্বাগতিকরা। ২৪ মিনিটের মাথায় বিপজ্জনক ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন সার্জিও বুসকেটস। প্রথমার্ধে দুদলই গোল করতে ব্যর্থ হওয়ায় হয়। এ ছাড়া প্রথম ভাগে ম্যাচও ছিল নিস্প্রাণ।

    বিরতির পর ৬০ মিনিটের মাথায় ডেভিড রুইজের বদলি হিসেবে মাঠ নামেন মেসি। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে তখন করতালিতে স্বাগতম জানানো হয় মায়ামি অধিনায়ককে। মাঠে নামার পরই ভিসেল কোবে রক্ষণভাগে আক্রমণ শানায় মার্কিন ক্লাবটি। ম্যাচের ৭১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মায়ামি। লুইস সুয়ারেজের বাইসাইকেল কিক গোলবারের পাশ দিয়ে বের হয়ে যায়।

    ৭৯ মিনিটে মেসির শট ঠেকিয়ে দেন কোবে গোলরক্ষক ওবি। গোল লাইনের একদম সামনে থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার রিও হাতসুসে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

  • ভারতকে হিংসা করে বলেই পাকিস্তান ভালো করে না: মোহাম্মদ শামি

    ভারতকে হিংসা করে বলেই পাকিস্তান ভালো করে না: মোহাম্মদ শামি

    ওয়ানডে বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের সাবেক বেশ কিছু ক্রিকেটার বেশ হাসির রোল তুলেছিলেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য আইসিসি কী কী ষড়যন্ত্র করছে- সে বর্ণনায় এমন কিছু বলছিলেন যে কোনো যুক্তিতেই তা মেনে নেওয়া কঠিন।

    এর মধ্যে হাসান রাজার নাম সবার আগে আসবে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৩০২ রানের জয়ের পর বলেছিলেন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরাদের জন্য আলাদা বল দেওয়া হচ্ছে। এতদিন পর এসে সে কথার প্রতিক্রিয়া দেখালেন শামি।

    মুম্বায়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫৭ রান করেছিল ভারত। এতে দারুণ এক ব্যাটিং উইকেটের চিন্তা মাথায় এলেও একটু পর যা হয়েছে তা একটু হতাশাজনক। তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানে অলআউট হয়।

    ভারতীয় পেসার বিশেষ করে মোহাম্মদ শামি (৫ উইকেট) ও সিরাজের (৩ উইকেট) সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ম্যাচ শেষে পাকিস্তানের এক টিভি শোতে যাওয়া হাসান রাজা বলেছিলেন, ‘দেখে মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসে অন্য বল দেওয়া হয়েছে। আমার ধারণা, আইসিসি, আম্পায়ার বা বিসিসিআই ভারতীয় বোলারদের ভিন্ন বল দিচ্ছে। প্রথমে ব্যাট করা দল সাড়ে তিন শ করেছে আর তাড়া করতে নামা দল পাত্তাই পায়নি। মোহাম্মদ শামি যেভাবে বল করেছে, অ্যাঞ্জেলো ম্যাথুসও স্তব্ধ হয়ে গেছে। আমাদের সময়ে মাত্র একটা বলই ব্যবহার করা হতো এবং তাতে সুইং ও রিভার্স সুইং পাওয়া যেত।’

    সাবেক পাকিস্তানি ব্যাটসম্যানের এমন কথা নিয়ে হাসাহাসি হয়েছিল। আকাশ চোপড়া একে ‘কমেডি’ বলেছেন। ওয়াসিম আকরাম জিজ্ঞেস করেছিলেন, রাজা কী দিয়ে নেশা করছেন। কারণ, কদিন আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের পেসারদের সামনেই ৫০ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেদিন সিরাজ পেয়েছিলেন ৬ উইকেট।

    শামিকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিল নিউজএইটিন। শামি জবাবে একদম ধুয়ে দিয়েছেন রাজাকে, ‘তারা ক্রিকেটটাকে হাস্যকর বানিয়ে ফেলছে। কারণ এখন আর আমরা একে অপরের সাফল্য উপভোগ করি না। প্রশংসা করলে খুব খুশি হয়ে যাই, কিন্তু হারলেই মনে করি প্রতারণা করা হয়েছে। আমাদের সময়ে ওদের (পাকিস্তান) রেকর্ড দেখুন, ওরা আমাদের ধারেকাছে নেই। হিংসাটা স্পষ্ট। এত হিংসা নিয়ে ভালো ফল পাবেন না।’

  • শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

    শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

    আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

    ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

    এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

    সিইসির দ্বিতীয় দফার ভাষণ নিয়ে ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন।

    এর আগে শুক্রবার বিকালে কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল আসেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিবের নেতৃত্বে বৈঠকে অংশ নেন ইসির কর্মকর্তারা।

    বিএনপির ভোট বর্জন কর্মসূচির কোনো প্রভাব নির্বাচনে পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোট বানচালের কোনো শংকা দেখছে না কমিশন। তিনি জানান, ভোটারদের মনে ভীতি দূর করতে কাজ করছে নির্বাচন কমিশন।