Blog

  • ‘বিএনপির হরতাল নির্বাচনে প্রভাব ফেলবে না’

    ‘বিএনপির হরতাল নির্বাচনে প্রভাব ফেলবে না’

    বিএনপির হরতাল নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না, ভোটের উপস্থিতি সন্তোষজনক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেই একটি ডামি দল। তাদের হরতাল হচ্ছে মরচে ধরা হাতিয়ার, অতীতের মতো আগামীতেও এতে কাজ হবে না।

    নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বাধা দেয়া সত্বেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসানীতি কেনো দিচ্ছে না – এমন প্রশ্ন ওবায়দুল কাদেরের। নির্বাচনে সন্তোষজনক ভোটার উপস্থিতির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের অনুরোধ জানান তিনি।

    নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পাশাপাশি ভালো আসন পাবে এমন আশার কথা শুনিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে নির্বাচনে কোন প্রভাব ফেলবে না।

    এরআগে, নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ এবং ওআইসি’র প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আওয়ামী লীগ। নির্বাচন সুষ্ঠু হবার প্রত্যাশার কথা জানিয়েছে কমনওয়েলথ।

  • নির্বাচন নিয়ে ওআইসি’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ

    নির্বাচন নিয়ে ওআইসি’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি’র সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজনাধীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৩ সদস্যের ওআইসি’র প্রতিনিধি দলের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে ওআইসি’র পক্ষে নেতৃত্বে দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল এর অ্যাসিট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নেতৃত্বে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বৈঠকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সারাদেশে ৫ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন

    সারাদেশে ৫ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

    জানুয়ারি (শুক্রবার) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক।

    মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, যেকোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বিরোধী অনেক পক্ষ চায় না নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তারা চাইবে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। আমরা সচেতন আছি। কোনো ধরনের নাশকতা নির্মূলে আমরা সক্ষম হব।

    তিনি বলেন, ‘ইতোমধ্যে ২৫০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যরা এক হাজারটি সেকশনে ভাগ হয়ে গত ২৯ ডিসেম্বর থে‌কে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। উপকূলের ১৩টি উপজেলা বাদে সকল উপজেলায় আনসার ব্যাটালিয়নের একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার ৮৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।’

    ‘নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে মোট ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পিসি ও এপিসিরা অস্ত্রসহ এবং ভিডিপি সদস্যরা লাঠি হাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরূপ অবনতি ঘটলে তা দ্রুতসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

    আনসারের গোয়েন্দা তথ্য অনুযায়ী সারা দেশে কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে? জানতে চাইলে আমিনুল হক বলেন, ‘কোনো কেন্দ্রে ভোট দিতে পারবে না এমন কোনো তথ্য নেই। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। সেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য তথ্যানুযায়ী ১০ হাজার কেন্দ্রের কথা বলা হয়েছে। এসব কেন্দ্রে আমরা বেশি গুরুত্ব দেব। আমরা সর্বোচ্চ সতর্ক আছি। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করব।’

    সংবাদ স‌ম্মেল‌নে আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. তসলিম এহসান, উপমহাপরিচালক (অপারেশন্স) মো. ফখরুল আলম উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. জিয়াউল হাসান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার আ’লীগের

    কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার আ’লীগের

    কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক বৈঠকে প্রতিনিধিদলকে এ অঙ্গীকার করা হয়।

    বৈঠকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

    এ ছাড়া, বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন।

  • জনগণের ভোটাধিকার হরণের উদ্যোগ নিয়েছে সরকার: মঈন খান

    জনগণের ভোটাধিকার হরণের উদ্যোগ নিয়েছে সরকার: মঈন খান

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু ডামি দল আর প্রার্থী নয়, ডামি ভোটারও তৈরি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

    শুক্রবার (৫ জানুয়ারি) সকালে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় এটিকে প্রহসনের নির্বাচন দাবি করে ভোট বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

    এছাড়া, এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    মঈন খান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে। ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে। সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়-ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এছাড়া, সুবিধাভোগী ভাতা কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে।’

    সরকারের ভয়ভীতিতে ভীত না হতে জনগণের প্রতি আহ্বান জানান ডক্টর মঈন খান। জানান, বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল। জনগণের ভোটাধিকার আদায়ে সোচ্চার থাকবেন তারা।

  • নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না : আইজিপি

    নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না : আইজিপি

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী জেনে গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন। তিনি বলেন, নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না। তার বা তাদের (নাশকতাকারী) বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    নাশকতার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ নাশকতা করতে পারবে না। চোরাগোপ্তা হামলা দুএকটা জায়গা করতে পারে। সারাদেশে নাশকতার চেষ্টা হয়েছে। তবে নাশকতাকারীরা কোথাও সফলভাবে কোনো কার্যক্রম করতে পারেনি। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন আগামী ৭ জানুয়ারি উপহার দিতে পারব।

    ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, প্রতিটি কেন্দ্রে আজ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বিগত নির্বাচনগুলোতে ভার্চ্যুয়ালি গুজব ছড়ানো হয়। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ভার্চ্যুয়াল গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার দুনিয়ায় কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।

    হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়।

    ঝুঁকিপূর্ণ কেন্দ্রের এক প্রশ্নের জবাবে আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সবাই একসঙ্গে একযোগে কাজ করছে। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছে।

  • বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস

    বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস

    একদিন পর রোববার (৭ জানুয়ারি ) অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে এমন শঙ্কা মাথায় রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই অবস্থায় দূতাবাস মার্কিন নাগরিকদের চলাফেরার বিষয়ে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনে ভোটগ্রহণের দিনে দূতাবাস বন্ধ থাকবে।

    বিবৃতিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকায় মার্কিন দূতাবাস সেদিন বন্ধ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের সতর্কতা মেনে চলা উচিত হবে। মনে রাখতে হবে, নির্বাচন যদিও শান্তিপূর্ণ হবে বলেই আয়োজন করা হয়েছে, তবে তা সহিংস রূপও নিতে পারে। ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন বা পরের দিন বা সপ্তাহগুলোতে সামান্য বা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সহিংসতার ঘটনা ঘটতে পারে।

    বিবৃতিতে মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে বলা হয়, ‘মার্কিন নাগরিকদের যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।’ এ ছাড়া, মোবাইল ফোনে সব সময় চার্জ রাখা এবং যেকোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে বিকল্প সবগুলো পথের খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে।

    মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী বসবাস, কাজ এবং ভ্রমণ করেন। তাদের চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের অধীন। বিক্ষোভ ও নাগরিক অস্থিরতার সময় এই ভ্রমণ বিধিনিষেধ বাড়ানো হতে পারে।’ এদিকে, সর্তকতামূলক ব্যবস্থা নেয়ায় দূতাবাসের সেবা বিঘ্নিত হতে পারে বলেও জানানো হয়েছে।

    সর্বশেষ নিরাপত্তাবিষয়ক তথ্যের জন্য ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেয়া হয়েছে ওয়েবসাইটে প্রকাশিত ওই সতর্কবার্তায়।

  • রাজধানীতে নির্বাচন বন্ধের দাবিতে বিএনপির মিছিল

    রাজধানীতে নির্বাচন বন্ধের দাবিতে বিএনপির মিছিল

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এসময় নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিএনপি নেতাকর্মীরা

    মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।

    তিনি বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহবান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, আব্দুল হালিম খোকন, তারেকুজ্জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, এজমল হোসেন পাইলট প্রমুখ।

  • টেস্টে অভিষিক্ত আমের জামেল

    টেস্টে অভিষিক্ত আমের জামেল

    অ্যানিমাল চলচ্চিত্রের ‘জামাল কুদু’ গানে এখন নাচছেন সবাই। সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছেন সবাই। ওদিকে অস্ট্রেলিয়ায় পারফরম্যান্সের আলোয় সত্যি সত্যি ‘কুদু’ (প্রিয়/ সুন্দর) হয়ে উঠছেন পাকিস্তানের আমের জামাল।

    চা বিরতির একটু আগেও ৫ উইকেটে ২৮৯ রান ছিল অস্ট্রেলিয়ার। বিরতি থেকে ফেরা অস্ট্রেলিয়া থেমে গেল ২৯৯ রানে! মাত্র ১৩ বলের মধ্যে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আরেকটু পরিস্কার করে বললে, আমের জামালের ৭ বলের মধ্যে ৪ উইকেট পড়েছে স্বাগতিকদের।

    সব মিলিয়ে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই টেস্ট অভিষিক্ত আমের জামেল। পাকিস্তানও পেয়েছে ১৪ রানের লিড।

    অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন জামাল। অভিষেক ইনিংসে ৬ উইকেত পেয়েছেন। পরের টেস্টেও দুই ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।

    আর সিডনিতে তো জামাল একাই খেলছেন। প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো পেসারদের পিটিয়ে শেষ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছেন জামাল। তাতে সঙ্গী মীর হামজার অবদান ৭।

    ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে আমের জামাল পাকিস্তানকে তিন শ পার করে দিয়েছিলেন। কিন্তু জামালের মূল কাজ তো বোলিং।

    গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে উসমান খাজাকে আউট করেছিলেন। আজ স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন জুটিটা যখন ম্যাচ পাকিস্তানের নাগালের বাইরে নেওয়ার হুমকি দিচ্ছিলেন তখনই হাজির হন জামাল এবং বাবরে ক্যাচ বানান স্মিথকে। ১৮৭ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে।

    কিন্তু মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি ৮৪ রানের জুটিতে আবার দলকে ফ্রন্টফুটে নিয়ে যান। কিন্তু চা বিরতির পর এক ঝোরো স্পেলে আবার আলোটা নিজের দিকে কেড়ে নিলেন।
    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর হাল ধরেছেন সাইয়ুম আইয়ূব ও বাবর আজম। এই পরিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৫৫ রান পাকিস্তানের।

  • মনে রাখার মতো সুখবর পেলেন ওয়ার্নার

    মনে রাখার মতো সুখবর পেলেন ওয়ার্নার

    চাইলেও সিডনি টেস্টকে কখনো ভুলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার হয়ে বাঁহাতি ওপেনারের এটাই শেষ ম্যাচ। ওয়ার্নারের বিদায়ী টেস্ট আরও বেশি আলোচিত হয়ে ওঠে তাঁর ব্যাগি গ্রিন বা টেস্ট ক্যাপগুলো হারিয়ে যাওয়ায়।

    পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে মেলবোর্ন থেকে সিডনি আসার পথে হারিয়ে যায় ক্যাপগুলো। সেখানে ওয়ার্নারের ২০১১ সালের অভিষেক টেস্টের ক্যাপের পাশাপাশি আরেকটি ব্যাগি গ্রিন ছিল। মঙ্গলবার ওয়ার্নার নিজে ক্যাপ হারিয়ে যাওয়ার খবর জানিয়েছিলেন। সেটি ফেরত দেওয়ার আর্তিও জানান তিনি।

    অবশেষে সুখবর পেয়েছেন সিডনিতে ক্যারিয়ারে ১১১তম টেস্ট খেলতে নামা ওয়ার্নার। হারিয়ে যাওয়ার চারদিন পর ব্যাগি গ্রিন দুটো ফেরত পেয়েছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্নার।

    সিডনির টিম হোটেলে শুক্রবার ওয়ার্নারের ক্যাপ দুটি পাওয়া গেছে। এগুলো কীভাবে সেখানে এসেছে, এটা জানা যায়নি। ব্যাগি গ্রিন ফিরে পেয়ে শুক্রবার ইনস্টাগ্রামের ভিডিওতে ক্যাপ হাতে নিয়ে ওয়ার্নারকে বলতে শোনা যায়, ‘আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি, এটা আপনাদের জানাতে পেরে আনন্দিত ও স্বস্তি বোধ করছি। এটা দারুণ সংবাদ।’

    ক্যাপ ফেরত পেয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি ওয়ার্নার, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। (সবার প্রতি) আমি কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট- সবাইকে ধন্যবাদ।’

    ব্যাগি গ্রিনের প্রতি অস্ট্রেলিয়ান ওপেনারের আবেগ উঠে এসেছে পরের লাইনে, ‘প্রত্যেক ক্রিকেটারই জানে, ক্যাপ তাদের কাছে কতটা স্পেশাল। আমি এটা বাকি জীবনে কখনো ভুলব না।’

    এর আগে মঙ্গলবার ক্যাপ হারিয়ে যাওয়ার খবর জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, কেউ পেয়ে সেটি ফেরত দিলে তাঁকে কোনো ঝামেলায় পড়তে হবে না। সে সময় ওয়ার্নার বলেছিলেন, ‘এটি (ব্যাগি গ্রিন) আমার কাছে অনেক আবেগের। এ সপ্তাহে যখন মাঠে নামব, তখন এটা (ব্যাগি গ্রিন) আমার হাতে থাকবে, এমনটাই চাইব।’

    ব্যাকপ্যাক ফিরে পাওয়ার আর্তি জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘আপনার যদি ব্যাকপ্যাকটা দরকার হয়, আমার কাছে অতিরিক্ত আরো একটা আছে। আপনি কোনো ঝামেলায় পড়বেন না। দয়া করে ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা আমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন। যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন, আমি আপনাকে এটি খুশিমনে (ব্যাকপ্যাক) দিয়ে দেব।’

    ওয়ার্নারের ব্যাগি গ্রিন ফিরে পাওয়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘যে ব্যাগের ভেতরে এগুলো (ব্যাগি গ্রিন) ছিল, সেটি অক্ষত অবস্থায় টিম হোটেলে পাওয়া গেছে। ভেতরের সব জিনিস ঠিকঠাক আছে। মঙ্গলবার থেকে ব্যাপক খোঁজাখুজি করা হয়েছে। অনেক জায়গার সিসি-টিভি ফুটেজ চেক করা, বেশ কয়েকটি পক্ষের প্রচেষ্টার পরেও ব্যাগটি কোথা থেকে হারিয়ে গিয়েছিল, সেটা সেটা জানা যায়নি।’

    সিডনিতে পাকিস্তানের বিপক্ষে বিদায়ী টেস্টে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে সফরকারীদের ৩১৩ রানের জবাবে ২৯৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। পাকিস্তান এগিয়ে ১৪ রানে। প্রথম ইনিংসে ৬৮ বলে ৩৪ রান করেছেন ওয়ার্নার।