
পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ রাঙ্গামাটির চারণ সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদকে মরনোত্তর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করার দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের সর্ব প্রথম প্রকাশিত ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক গিরিদর্পণ-কে বাঁচিয়ে রাখতে পাহাড়ের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বক্তারা বলেন, একেএম মকছুদ আহমেদ শুধু পাহাড়ের একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর এবং এই পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার অগ্রদূত।
চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এ স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
দৈনিক গিরিদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক নন্দন দেবনাথের সভাপতিত্বে এবং একেএম মকছুদ আহমেদের জীবনীগ্রন্থের লেখক সাংবাদিক ইয়াছিন রানা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
স্মরণসভায় বক্তারা বলেন, একেএম মকছুদ আহমেদ ছিলেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কণ্ঠস্বর। তিনি ছিলেন ধর্মপ্রাণ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তাঁর হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে সংবাদপত্র ও সাংবাদিকতার বিকাশ ঘটেছে।
তিনি পার্বত্য অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত সাপ্তাহিক সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ পার্বত্য চট্টগ্রামের সমস্যা-সম্ভাবনার কথা বিশ্ব দরবারে তুলে ধরে অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তারা বলেন, তাঁর প্রতিষ্ঠিত দৈনিক গিরিদর্পণকে বাঁচিয়ে রাখা এখন সময়ের দাবি। গিরিদর্পণকে টিকিয়ে রাখতে যে তরুণ সাংবাদিকরা এগিয়ে এসেছেন, তাদের সহযোগিতা করা পাহাড়ের সর্বস্তরের মানুষের দায়িত্ব। পাশাপাশি সাংবাদিকতায় তাঁর দীর্ঘ ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই গুণী সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করার দাবি জানান তারা।
স্মরণসভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল একরামুল রাহাত পিএসসি, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বর্তমান সভাপতি আনোয়ার আল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর কাউন্সিলর আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রনতোষ মল্লিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, স্কাউটস কমিশনার নুরুল আবছার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সাবেক সাধারণ সম্পাদক এম জিশান বখতেয়ার এবং ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটসের সভাপতি শিক্ষক অরুপ মুৎসদ্দী।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম ও মিনহাজ মুরশীদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মোঃ আবদুল গফুর, রাঙ্গামাটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক জাহাঙ্গীর কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ সওদাগর, এফপিএবির সভাপতি শাহেদা আকতার, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, আসবাবপত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুশ শুক্কুর, অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সমন্বয়ক নির্মল বড়ুয়া মিলন, বীর মুক্তিযোদ্ধা পরিমল কান্তি দে, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জসিম উদ্দিন, রাঙ্গামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, হযরত আবদুল্লাহ ফকির (রহ.) ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের সমন্বয়ক জামাল হোসেন, লেকার্স স্কুলের শিক্ষক শাহজালাল সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে একেএম মকছুদ আহমেদের জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তাঁর সহধর্মিনী ও দৈনিক গিরিদর্পণ পরিচালনা পর্ষদের সভাপতি মঞ্জু রানী গুর্খার লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক গিরিদর্পণ পরিবারের সদস্য সাংবাদিক দীপ্তি মজুমদার। এছাড়া সাংবাদিক ইয়াছিন রানা সোহেল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
এছাড়াও দৈনিক গিরিদর্পণ পরিবারের সদস্য পুলক চক্রবর্ত্তী, মনসুর আহমেদ মান্না, মিল্টন বাহাদুর, লিটন শীল, শিশির দাশ বাবলা, দীপ্তি মজুমদার, মনু মার্মা, পংকজ বাহাদুর, দীলিপ দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ এ.কে.এম. মকছুদ আহমেদ ১৯৪৫ সালের ১০ জুলাই চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মগাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জামাল উল্লাহ ও মাতা জমিলা খাতুনের সন্তানদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৬৬ সালে রাঙ্গামাটিতে এসে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৬৯ সালে দৈনিক আজাদী-র রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ বেতার, বাসস, বিবিসি, রয়টার্সসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। ১৯৭৮ সালে সাপ্তাহিক বনভূমি এবং ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করে তিনি পার্বত্য চট্টগ্রামে সংবাদপত্রের নতুন যুগের সূচনা করেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আব্দুল খালেক ইঞ্জিনিয়ার স্মৃতি পদ#ক, মাদার তেরেসা শান্তি পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে তিনি ইন্তেকাল করেন। পরদিন ২১ ফেব্রুয়ারি তাঁর নিজ গ্রাম মগাদিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।#