
রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা যায়, সুমন তঞ্চঙ্গা তাঁর চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ পরিচয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে আবেদন করেন। এ সময় তিনি প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে একটি জাল উত্তরাধিকার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন বলে অভিযোগ উঠেছে।
আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে শনাক্ত করেন। পরে জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত সুমন তঞ্চঙ্গাকে নিয়মিত মামলা দায়েরের জন্য রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তের এ কার্যক্রম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারার লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।