পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এম.পি.’র সঙ্গে আজ সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদী সহযোগিতা ও বিভিন্ন প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

বৈঠকের শুরুতে স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনায় পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। উভয় পক্ষই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশ নেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *